আবের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর শোক
প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৫:২৪ পিএম

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নিজ নিজ দপ্তর থেকে পাঠানো বার্তায় আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। 

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গণমাধ্যমে পাঠানো বার্তায়, এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলেও অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন বলেন, শিনজো আবে আমার ঘনিষ্ঠজন এবং তিনি বাংলাদেশেরও অকৃত্রিম বন্ধু। শিনজো আবে'র উপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করেন তিনি। 

দুই দফায় জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি টানা সবচেয়ে বেশিদিন দেশটির সরকার চালানোর রেকর্ড গড়া আবে ২০২০ সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন। শুক্রবার দলের হয়ে ভোটের প্রচারে গিয়ে আততায়ীর গুলিতে তিনি নিহত হন।

স্থানীয় সময় সকালে নারা শহরে এক ট্রেন স্টেশনের কাছে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী আবেকে। গুলিবিদ্ধ আবে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, ওই হামলাকারীর নাম তাৎসুইয়া ইয়ামাগামি। তার বয়স আনুমানিক ৪২ বছর। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft