প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৪:১৪ পিএম আপডেট: ০৮.০৭.২০২২ ৪:১৭ পিএম

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিন জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রী শ্রাবন্তী আক্তার লাকসামের উত্তরদা গ্রামের ফয়েজ আহমেদের মেয়ে। তিনি লাকসাম নবাব ফয়জুন্নেছা কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং থানার আইসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, মামার মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন শ্রাবন্তী। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজার এলাকায় পেছন দিক থেকে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মামা-ভাগ্নি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় শ্রাবন্তীকে চাপা দেয় কাভার্ডভ্যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার মামাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে আনিসুর রহমান ভূঁইয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম বিমানবন্দরে চাকরি করতেন। এ ঘটনায় বাসের মাইক্রোবাসের চালকসহ দুই জন আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি সাবের বাজার পুরাতন স্কেল এলাকায় ভোর ৪টায় ব্রাক্ষণবাড়িয়াগামী বাস ও কুমিল্লামুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়। চালকের সহযোগী ছিটকে বাসের নিচে পড়ে নিহত হয়েছেন। তার পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় প্রায় ৩০ যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি গুলো থানায় আনা হয়েছে। লাশ থানায় আছে। পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।