সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে: প্রধানমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৩:৫৬ পিএম

রাজধানীসহ সারাদেশ ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে, কয়লা প্রায় পাওয়া যাচ্ছে না। তাই সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

মঙ্গলবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতের শপথ অনুষ্ঠান এবং  প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সেনানিবাসে পিজিআর সদরদপ্তরে যুক্ত হন তিনি।

পণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসসহ সব পণ্যের দাম বেড়েছে। বিদ্যুৎ উৎপাদনে বড় অংকের ভর্তুকি দিচ্ছে সরকার। এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদনের উপকরণগুলোর দাম অত্যধিক বেড়েছে। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

তিনি বলেন, ইতোমধ্যে অনেক উন্নত দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আমাদের দেশের যাতে সে পরিস্থিতিতে পড়তে না হয় তাই এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। কোনো জলাধার যেন খালি না থাকে। যার যেখানে যতটুকু জায়গা আছে, প্রতিষ্ঠানভিত্তিকও যেখানে যতটুকু খালি জায়গা যে যা পারবেন কিছু না কিছু উৎপাদন করবেন। উৎপাদন করে অন্তত নিজেদের খাদ্যটা নিজেরা জোগাড় করার চেষ্টা করুন, যাতে বাজারের ওপর চাপ না পড়ে।

এ সময় মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সততা নিয়ে কাজ করলে, মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারলে, বারবার জনমর্থন পাওয়া যায়। তাই ভোটারদের বিশ্বাস ও আস্থা ধরে রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ৭১ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সব জনগণকে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই লক্ষ্যে দেশের প্রতিটি মানুষ ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতান্ত্রিক অধিকার ভোট করবে সেটা আমাদের একমাত্র লক্ষ্য। সেটাই আমরা করে যাচ্ছি। গণতান্ত্রিক অধিকারের মাধ্যমেই মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। দেশে বিভিন্ন ধর্মালম্বী মানুষের বসবাস। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। আমরা চাই দেশ সব সময় অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে। সব ধর্মের স্বাধীনতা বাংলাদেশে থাকবে যেটা আমাদের পবিত্র কোরআন শরিফে বলা আছে। কেউ কারো ধর্মের অনুভূতির ওপর আঘাত করবে না বা ধর্ম পালন করায় বাধা দেবে না। বাংলাদেশ সে চেতনায় বিশ্বাস করে। দেশে যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করি আমরা লক্ষ্য করি একেবারে তৃণমূলের মানুষের ভাগ্যের উন্নয়ন করা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুসিকের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতকে শপথবাক্য পাঠ করান। আর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ২৭ কাউন্সিলর ও ৯ নারী কাউন্সিলরদেরকে শপথবাক্য পাঠ করান।

আমি মেয়র, কাউন্সিলরদের বলবো উন্নয়ন পরিকল্পনা নিতে গিয়ে ভাববেন না কত কমিশন পাবেন। এই চিন্তা যেনো না থাকে, মানুষ কতটুকু উপকৃত হবে, রাষ্ট্র কতটুকু লাভবান হবে সেটা মাথায় রাখবেন।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, এখন আবারও করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এক্ষেত্রে সবার স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা নিতে হবে। টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে বুস্টার ডোজটাও নিতে হবে। অনেকেই বুস্টার ডোজ নিচ্ছে না। সে ব্যাপারেও আমরা যথাযথ ব্যবস্থা নেব যাতে প্রত্যেকে বুস্টার ডোজটা নেয়। যাতে করোনার প্রাদুর্ভাব আর বাড়তে না পারে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft