পৌর কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে আইনজীবীদের সমাবেশ
যশোর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৫:৩৩ পিএম


যশোর পৌরসভার কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। সমাবেশ থেকে জড়িতদের আটকের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় তারা বৃহৎ কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। বুধবার সকাল সাড়ে নয়টায় যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজার সভাপত্বিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি এম ইদ্রিস আলী, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সিনিয়র আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, মাহাবুব আলম বাচ্চু, আর এম মঈনুল হক ময়না, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট, এম এ গফুর, স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক জিপি সোহেল শামীম।

সভায় বক্তারা বলেন, বাবুল শুধু একজন জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। তিনি একজন পাবলিক প্রসিকিউটার (এপিপি) হিসেবে প্রশাসনের প্রতিনিধি। অথচ ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, এখনো পর্যন্ত কেউ আটক হয়নি, যা উদ্বেগজনক। তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা আইনজীবীদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আগামি ৪৮ ঘন্টার মধ্যে জড়িতদের আটক করতে হবে। অন্যথায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ এর পিপি সেতারা খাতুন, দুদকের পিপি আশরাফুল আলম বিপ্লব, সাবেক স্পেশাল পিপি বদরুজ্জামান পলাশ, সাইফুল করিম মুকুল, খোন্দকার মোয়াজ্জাম হোসেন মুকুল, জুলফিকার আলী জুলু, আব্দুল মজিদ, সৈয়দ কবীর হোসেন জনি প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার রাত আটটার দিকে যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft