প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৫:১৫ পিএম

ফেনীতে ২শ পিস ইয়াবাসহ ও ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২২ মে রোববার রাতে অভিযান চালিয়ে ফাজিলপুর ও দক্ষিণ যশপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মেজবাহ্ উদ্দিন আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের পেট্রো বাংলা এলাকায় অভিযান পরিচালনা করে জাবেদ হোসেন (৩০) কে গ্রেপ্তার করে। জাবেদ ফেনী সদর উপজেলার ফাজিলপুরের গিয়াস উদ্দিন ও শিরীনা আক্তারের ছেলে। তার দেহ তল্লাশী করে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে দুই কেজি গাঁজাসহ আরো একজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর বল্লভপুর এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণ যশপুর গ্রামের মৃত আমির হোসেন ও মমতাজ বেগমের ছেলে জালাল আহাম্মেদ মিন্টু (৪০) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট হতে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মেজবাহ্ উদ্দিন আহমেদ ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।