ফরিদপুরে উচ্চ শিক্ষার সংকট বিষয়ক সেমিনার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৫:১৫ পিএম


আজ আমরা আমাদের শিক্ষা খাতে যে সব সংকট দেখছি, তার কিছুটা রাজনীতিকরণের ফল । পাশাপাশি আমাদের সরকারি  স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দায়বোধের সংকট রয়েছে। ফলে শিক্ষায় অংশ গ্রহণ বাড়লেও  মানের কোন পরিবর্তন হচ্ছে না। 

ফরিদপুরে ‘করোনা পরবর্তী বাংলাদেশের উচ্চ শিক্ষা ক্ষেত্রে সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহিত পদক্ষেপ’  শীর্ষক এক সেমিনারে এ কথা বলা হয় মূল প্রবন্ধে। ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সেমিনারের আয়োজন করা হয় বিভাগের মিলনায়তনে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা। প্রধান আলোচকের বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর তাহ্মিনা আখতার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান।

প্রবন্ধে বলা হয়, করোনাসৃষ্ট আজকের এ পরিস্থিতি থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, ওপর থেকে নিচ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম ব্যবস্থা বদলাতে হবে। আজ আমরা আমাদের শিক্ষা খাতে যে সব সংকট দেখছি, তার কিছুটা রাজনীতিকরণের ফল। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার শিক্ষা খাতে যে অগ্রগতি দেখছি, তার অন্যতম কারণ হচ্ছে রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণ। বাংলাদেশের নীতিনির্ধারকদের উচিত আমাদের প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর কাছ থেকে ভাল কিছু শিক্ষা গ্রহণ করা এবং তাদের সফলতা কিভাবে এসেছে তা খতিয়ে দেখা। এই সঙ্গে দেশের স্বার্থে ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে শিক্ষা ব্যবস্থায় সুস্থ রাজনীতি চর্চা নিশ্চিত করতে হবে।

মূল প্রবন্ধে আরও বলা হয়, আমাদের সরকারি  স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দায়বোধের সংকট রয়েছে। যে দেশে কতিপয় শিক্ষক বিশ^বিদ্যালয় চলাকালীন যথারীতি পাঠদান করেন না, সেখানে কেবল অনলাইন প্রযুক্তির ব্যবহার করোনাকালে শিক্ষা নিশ্চিত করতে পারে না। গ্রামীণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনো আমাদের শিশু ও তরুণদের উপযোগী করতে পারিনি। শিক্ষায় অংশ গ্রহণের হার বেড়েছে কিন্তু মানের কোন পরিবর্তন হয়নি।

পঠিত ওই প্রবন্ধে এ সংকট থেকে উত্তরণের জন্য ১০টি পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। সেগুলি হলো, সকল ছাত্র-ছাত্রেিদর জন্য স্বাস্থ্য সেবা ও টিকা নিশ্চিত করা, শেখার সব টুলগুলোতে প্রবেশ নিশ্চিত করা, কার্যকর বিকল্প শিক্ষার সুযোগ সৃষ্টি করা, শিক্ষার্থীদের ঝড়েপড়া হ্রাস করা, অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, ক্ষতিগ্রস্ত শিক্ষাবর্ষের পুণরাবৃত্তি করা, কারিকুলাম ও পাঠ্যক্রম সংকুচিত করা, মেকআপ ক্লাস বৃদ্ধি করা, ব্রেকআউট গ্রুপ ও বিশেষ টিউটরিং করা এবং শিক্ষাবর্ষের মেয়াদ কমিয়ে আনা।

সভায় সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ বি এম সাইফুর রহমান। স্বাগত বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. লুৎফর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আশরাফুল আজম ও উপাধ্যক্ষ এসএম আবদুল হালিম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft