প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৭:৫৫ পিএম

জয়পুরহাটে ট্রাকচাপায় চাঁন মিয়া (৪৫) নামে এক ভ্যানচালকের দুটি পা ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নেওয়ার হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-মেকামতলা আঞ্চলিক মহাসড়কের ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁন মিয়া সদর উপজেলার কোমরগ্রাম গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তিনি ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, চাঁন মিয়া ভ্যানে ধান নিয়ে নিশ্চিন্তা বাজারে যাচ্ছিলেন। পথে মাটির ঘর এলাকায় তার ভ্যানের ত্রুটি দেখা দেওয়ায় ভ্যানটি ঘুরিয়ে নিচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানচালক চাঁন মিয়ার একটি পায়ের গোড়ালির অংশ কেটে সড়কে পড়ে যায়। অপর পাটি থেতলে ছিন্নভিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
চাঁন মিয়া ভ্যান চালিয়ে সংসার চালাতেন। তার দুটি সন্তান আছে। এক সন্তান খুবই ছোট, আরেকজন স্কুলে পড়ে। এখন তার মৃত্যুতে ওই পরিবারে উপার্জন করার মতো কোনো মানুষ রইল না।
ক্ষেতলাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহাআলম বলেন, ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকায় ধানবোঝাই একটি ভ্যানকে দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এতে ভ্যানচালকের দুটি পা ছিন্নভিন্ন হয়ে যায়। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
-জ/অ