প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৪:১৩ পিএম আপডেট: ১৬.০৫.২০২২ ৭:৩৪ পিএম

খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে ইরানের বিভিন্ন শহরে। চলমান এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবার থেকে এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছেন অন্তত ৫ জন; গ্রেপ্তার হয়েছেন আরও বহুসংখ্যক।
সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি খাদ্য আমদানি ভর্তুকি হ্রাস করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের পর থেকে দেশটির খাদ্যবাজারে অস্তিরতা বিরাজ করছে। সে সঙ্গে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও ইউক্রেন সংঘাতও বড় কারণ হয়ে দেখা দিয়েছে।
ভর্তুকি বাতিলের ফলে রান্নার তেল, মুরগির মাংস, ডিম ও দুধের মতো দৈনন্দিন জিনিসপত্রের দাম ইরানে নাটকীয়ভাবে ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
পরিস্থিতি সামলাতে ইরান সরকার স্বল্প আয়ের নাগরিকদের মাসিক ভাতা প্রদানের অঙ্গীকার করেছে। তবে দেশজুড়ে খাদ্যের মূল্য বেড়ে যাওয়ায় লোকজন হিমশিম খাচ্ছে। খাবারের দোকানগুলোতে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।
এর ফলে ইরানের দোরুদ, ফারসান, জুনঘান, বোরুজেরদ, চোলিচেহ, দেহদাশত ও আরদেবিলসহ বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভে সংঘাতে রূপ নেয়। কয়েকটি দোকানে আগুন দেয় বিক্ষোভকারীরা।
শুক্রবার (১৩ মে) থেকে বিক্ষোভ শুরু হওয়া এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে। টুইটারের একটি ভিডিওতে দেখা গেছে, তাদের একজনকে গুলি করা হয়েছিল।
শুক্রবার (১৩ মে) প্রথম এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেস্কে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে।
সরকারি ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় কয়েক ডজন লোককে গ্রেফতার করা হয়েছে। তবে সংস্থাটি হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি।
জে/ আল