প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৩:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাবার অনুপযোগী গরুর মাংস বিক্রির দায়ে আকরাম মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ীকে ২০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ মে) দুপুরে উপজেলা সদরের পৌরবাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইনের নেতৃত্বে ও নবীনগর থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত আকরাম নবীনগর পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার সৈয়দ আহমেদের ছেলে।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন জানান, আকরাম তার দোকানে পচাঁ মাংস বিক্রি করছিলেন এবং জবাই করা গরুটির পা ভাঙ্গা ছিল।
তাৎক্ষণিক ভেটেরিনারি সার্জন ডা. সাদিকুল ইসলাম ওই মাংস খাবার অনুপযোগী বলে জানালে তাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
তিনি আরো জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সমগ্র উপজেলায় এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।