হিমেলের মাকে রাবি প্রশাসনের আর্থিক সহায়তা
রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৪:০৪ পিএম



বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মাকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় হিমেলের নানার বাড়ি নাটোরের কাপুরিয়াপট্টিতে হিমেলের মা মনিরা আক্তারের হাতে পাঁচ লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে চেকটি তুলে দেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে ও ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর। 

এসময় বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক মোকসিদুল হক, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম, হিমেলের নানা খন্দকার মনির উদ্দিন আহমেদ, মামা খন্দকার আবু বক্কর মুন্নাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে হিমেলের কবর জিয়ারত করেন তারা।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, আস্তে আস্তে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা হিমেলকে ফিরে পাব না। কিন্তু তার মা এবং পরিবারের অন্য সদস্যদের যথাসম্ভব সাহায্যের চেষ্টা করতে তো সমস্যা নাই। এটা আমাদের দায়িত্ব। আমি যেভাবে পারছি হিমেলের মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আহত ছাত্র রিমেলকেও আর্থিকভাবে সহায়তা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘হিমেলের মাকে সহায়তা করার জন্য আমি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছেও আবেদন করেছি। আশা করছি, সেখান থেকেও ভালো একটা ফান্ড গঠন করে হিমেলের মাকে দিতে পারব।’

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় মাহমুদ হাবিব হিমেল নিহত হয়। হিমেল রাবির গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় আহত হন রায়হান প্রামাণিক রিমেল নামের আরেক শিক্ষার্থী। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft