প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ১০:০৩ পিএম

পবিত্র রমজান উপলক্ষে ইফতার কর্মসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মাসজুড়ে দলীয়ভাবে চারটি ইফতার মাহফিরের আয়োজন করবে দলটি।
শুক্রবার (১ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, ১ রমজান এতিম আলেম-ওলামাদের সম্মানে বিএনপির ইফতার লেডিস ক্লাবে। ১২ এপ্রিল কূটনীতিকদের সম্মানে ইফতার হোটেল ওয়েস্টিনে। রাজনীতিকদের সম্মানে ২০ এপ্রিল হোটেল লেকশোর এবং পেশাজীবীদের সম্মানে ২৮ এপ্রিল লেডিস ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২১ মার্চ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় চারটি ইফতার মাহফিলের ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিএনপি।
বিএনপিসহ রাজনৈতিক দলগুলো প্রতি বছর রমজানে একাধিক ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। তবে গত দুই বছর ধরে করোনাভাইরাসের প্রকোপের কারণে কোনো রাজনৈতিক দলই আনুষ্ঠানিক ইফতার মাহফিলের আয়োজন করতে পারেনি। তবে এবার করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকায় রাজনৈতিক দলগুলো আগেভাগেই ইফতার মাহফিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।