প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৯:২৪ পিএম

ফেনীর সোনাগাজীতে সন্ত্রাসীদের অব্যাহত হুমকি আর হামলার আশংকায় নির্মাণ শ্রমিকরা বাধ্য হয়ে সরকারের ৭ শত ৪০ কোটি টাকা ব্যয়ের ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ঠিকাধারী প্রতিষ্ঠান জিওটেক ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক মো. নুর উদ্দিন বাদী হয়ে সৌর বিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় গত ২৮ মার্চ রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, বিদ্যুৎ জ্বালানিও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগের অধিনে ইজিসিবি কর্তৃক সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী মৌজার আদর্শগ্রামে অবস্থিত ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজে নিয়োগকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান জিওটেক ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. নুর উদ্দিন।
প্রকল্পের কাজ শুরু করার পর হতে বিভিন্ন সময়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার মোবাইল ফোনে কল দিয়ে এবং প্রকল্প এলাকায় গিয়ে কর্মরত শ্রমিকদের গালিগালাজ করে এবং প্রকাশ্য হুমকি দিয়ে বলাবলি করে যে, বাজার দরের চেয়ে অতিরিক্ত দামে প্রকল্পের কাজে বিভিন্ন মালামাল সরবরাহ করবে। হুমকি দাতাদের কাছ থেকে বাজার দরের চেয়ে অতিরিক্ত দামে প্রকল্পের মালামাল অতিরিক্ত দামে খরিদ না করলে যে কোন সময় প্রকল্প এলাকায় হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট অগ্নিসংযোগ সহ ক্ষয়ক্ষতি করবে। অব্যাহত এ রুপ হুমকি-ধমকির কারণে প্রকল্পের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারীরা নিরাপত্তাহীনতায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত (২৫ মার্চ) গভীর রাতে ২০/২২ জন মুখোশধারী সন্ত্রাসী প্রকল্প এলাকায় এসে হামলা করে ভাংচুর চালায়। এসময় শ্রমিকরা বাঁধা দিলে তাদের পিটিয়ে রক্তাক্ত জখম করে টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। পুনরায় হামলার ভয়ে শ্রমিকরা পালিয়ে যাওয়াতে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। এ ঘটনার পর এ বিষয়ে কাজ শুরুর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) পক্ষ থেকে কোম্পানী সচিব কাজী নজরুল ইসলাম ফেনীর পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদন করেছেন।
জিওটেক ইঞ্জিনিয়ারিং এর প্রকৌশলী একরাম হোসেন বলেন, ওইদিন অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়ে শ্রমিক মো. আতিকুল, একরামুল ইসলাম, বিল্লাল হোসেন, একরামুল হোসেন, আলি আজগর বাবলুকে আহত করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে ভোর হওয়ার আগে কাজ ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদান করেন। তাদের হুমকিতে শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাতেই পালিয়ে যায়।
সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে নির্মাণাধীন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। স্থানীয়রা হামলার কথা স্বীকার করলেও ভয়ে হামলাকারীদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।
স্থানীয় সংসদ সদস্য ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) (অব.) লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী জানান, প্রকল্প এলাকায় কোন সন্ত্রাসীর মাস্তানী চলবে না। ইতিমধ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আইন শৃংঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। সোনাগাজী মডেল থানার ওসি খালেদ দাইয়ান বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযুক্তদের নাম উল্লেখ না করে থানায় সাধারণ ডায়েরী করেছেন। প্রকল্পের কাজ অব্যহত রাখতে নিরাপত্তার জোরদার করা হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।