বিএনপি আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৮:৩৫ পিএম


বিএনপি আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘বিএনপি নানাভাবে বিভক্ত। বিএনপির নেতা কে?’ এমন বক্তব্যের প্রতিক্রিয়া এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘উনার (ওবায়দুল কাদের) তো এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। এত দিনেও যদি জেনে না থাকেন যে, বিএনপির নেতা কে? তাহলে উনাদের সরকারি দলে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এটা দিবালোকের মতো স্পষ্ট যে, বিএনপির নেতা এখনও জীবিত আছেন, আর তিনি হচ্ছেন আমাদের খালেদা জিয়া। তার অসুস্থতার কারণে, তার অনুপস্থিতিতে আমাদের নেতা তারেক রহমান। আন্দোলনের নেতাও তারেক রহমান।’ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশে সাবেক এই কৃষি প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি এই কথাগুলো বলেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি কোনো দ্বিধায় বিভক্ত নয়। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে। তারেক রহমানকে দেশে আনবে।’

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘শিশুদের জন্য নতুন করে কাজ করে এ দেশের সত্যিকারের নাগরিক হিসেবে গড়ে তুলবে।’ 

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে যারা ক্ষমতায় তারা এই প্রজন্মকে বিভ্রান্ত করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে চায়। আমাদের দায়িত্ব বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। কেননা, আমরা বিশ্বাস করি, যে জাতি তার প্রকৃত ইতিহাস জানে না, সে জাতি টেকসই উন্নয়ন করতে পারে না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কবি আবদুল হাই শিকদার, সাবাদিক নেতা আমিরুল ইসলাম কাগজী প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft