প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৮:০০ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় শিশুসন্তানকে আছড়ে ফেলে হত্যার ঘটনায় রঞ্জু মিয়া নামে অভিযুক্ত পিতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (৩০ মার্চ) রাতে র্যাব-১২ ও থানা পুলিশ সলঙ্গার জগজীবনপুর এলাকায় অভিযান চালিয়ে ঘাতক পিতাকে আটক করে। এর আগে বুধবার দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় নিজের দেড় মাসের শিশুসন্তানকে কোলে নিয়ে আছড়ে ফেলে হত্যা করে পালিয়ে যান রঞ্জু মিয়া।
র্যাব-১২-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। সিরাজগঞ্জের সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার সঙ্গে তিন বছর আগে পাশের ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল।
গতকাল বুধবার দুপুরে তাদের মধ্যে আবারও মনোমালিন্য হয়। এ সময় নেশাগ্রস্ত বাবা নিজের দেড় মাসের শিশুসন্তানকে কোলে নিয়ে আছড়ে ফেলে হত্যা করে পালিয়ে যান। এ ব্যাপারে সলঙ্গা থানায় রঞ্জু মিয়ার শ্বশুর নজরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। বৃহস্পতিবার সকালে আটক রঞ্জুকে আদালতে পাঠানো হয় বলেও জানান র্যাব কর্মকর্তা।