প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ২:৩৩ পিএম

বলিউডের ভাইজান সালমান খানের প্রেম, বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। বিভিন্ন সময় নায়িকাদের সঙ্গে প্রেমের খবর শোনা গেলেও আজ পর্যন্ত কোন প্রেম পরিণয়ে রূপ পায়নি। আপাতত তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। এবার সালমানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন প্রেমিকা সোমি আলী।
বুধবার (৩০ মার্চ) সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, ‘বলিউডের হারভে ওয়েনস্টেইন, তোমার মুখোশ একদিন খুলে যাবে। যে সমস্ত নারীদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করেছো, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারাও একদিন তোমার সমস্ত সত্যি ফাঁস করে দেবে।’
সোমি আলীর ওই পোস্ট যে সালমানকে উদ্দেশ্য করেই দেওয়া, সেটি বুঝতে নেটজনতার অসুবিধা হয়নি। এমনকি সোমি তার পোস্টে যে ছবি ব্যবহার করেছেন সেটিও সালমানের ‘মেয়নে প্যায়ার কিয়া’ ছবি থেকেই নেওয়া। তবে পোস্টটি ভাইরাল হতেই সেটি মুছে দেন ভাইজানের প্রাক্তন প্রেমিকা।
১৯৯১ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমা দেখে সালমানের জন্য পাগল হয়ে গিয়েছিলেন সোমি। সালমানকে বিয়ে করার স্বপ্নে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে পালিয়ে এসে তিনি বলিউডে কেরিয়ার শুরু করেন। তবে বেশিদিন টিকতে পারেননি। ক্যারিয়ারের প্রতি তার বিশেষ কোনো নজর ছিলো না, সালমানের কাছাকাছি আসতেই ব্যস্ত ছিলেন তিনি।
সোমির দাবি, ঐশ্বরিয়ার কারণেই সালমানের সঙ্গে তার প্রেমের সম্পর্কে ফাটল ধরে। তার ভাষ্যমতে, 'আমি আর সালমান একসঙ্গে সুন্দর সময় কাটাচ্ছিলাম। সেই সময়ই ‘হাম দিল দে চুকে সনম’ এর শুটিং শুরু হয়। ওই ছবির সূত্রেই প্রথমবার ওদের (সালমান-ঐশ্বরিয়া) দু’জনের দেখা হয়েছিল। ছবির কাজ শেষ হতে না হতেই ওরা ডেট করতে শুরু করে দিল।'
বছর খানেক আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘২০ বছর হয়ে গেছে আমাদের সম্পর্ক ভাঙার। ও আমাকে ঠকিয়েছিল। এজন্য আমি সম্পর্ক থেকে বেড়িয়ে আসি এবং মুম্বাই ছেড়ে চিরকালের মতো চলে আসি। হিসাবটা খুব পরিষ্কার।’
প্রসঙ্গত, ১৯৯৯ সালে সালমানের সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান সোমি। সেখানে নতুন করে উচ্চশিক্ষা শুরু করেন। এরপর লেখিকা, সমাজকর্মী হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছেন। 'নো মোর টিয়ারস' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সোমি। দক্ষিণ এশিয়ার পিছিয়ে পড়া দেশগুলোতে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন তিনি। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস