প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৬:৩২ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৬:৪৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারেক লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করে, আয়ের উৎস কী?
এ সময় তারেক রহমান দুর্নীতির টাকায় চলছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বুধবার (৩০ মার্চ) সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে হাসুমনি’র পাঠশালা আয়োজিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্প’ এবং ‘পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি বিদ্যুৎ দিতে পারেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের ব্যর্থতা ঢাকার জন্য এখন সরকারের বিরুদ্ধে কাল্পনিক দুর্নীতির অভিযোগ করে। ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল, তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অর্জনে যারা অপবাদ দেয়, তারা চোখে দেখে না। দিনের আলোয় তারা রাতের অন্ধকার দেখতে পায়। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, এটা তাদের গাত্রদাহের কারণ।
হাসুমনি পাঠশালার সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদসহ আরও অনেকে।