ডা. বুলবুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৫:৪৭ পিএম

রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক ডা. আহমেদ মাহী বুলবুল হত্যার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার বিকেলে ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, ছিনতাইকারীদের কবলে পড়েই তিনি খুন হন। এছাড়া এই ঘটনার পেছনে ব্যবসায়ীক কোনো দ্বন্দ্ব আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসময় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আকতার বলেন, গ্রেপ্তার হওয়া চারজনই পেশাদার ছিনতাইকারী। মৃত ডাক্তার বুলবুল আহমেদের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি পাওয়ার পর আমরা নিশ্চিত হই যে তারাই এই ঘটনাটি ঘটিয়েছে।
এছাড়া তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক ডা. আহমেদ মাহী বুলবুল নিহত হন। রবিবার (২৭ মার্চ) ভোর ৫টার পর শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে। ডা. বুলবুল মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠানে চিকিৎসা দেন। সেখানে তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। শুধু স্বাবলম্বীদের কাছ থেকে ফি নিতেন।