প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৫:৪০ পিএম

আসন্ন পবিত্র রমজান মাসে খতম তারাবিহ পড়ার সময় সারাদেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ বুধবার (৩০ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
পবিত্র রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবি নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু থাকলেও কোনও কোনও মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এ অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয় এবং তারা কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও বঞ্চিত হন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন পরিস্থিতি নিরসনে রমজানের প্রথম ছয়দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কুরআন খতম করা সম্ভব বলে জানায় ইসলামিক ফাউন্ডেশন।
এতে বলা হয়, এমতাবস্থায় দেশের সব মসজিদে খতম তারাবিহ নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবে কদরে কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার কাছে বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।