প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৫:২৪ পিএম

বিএনপি নেতাদের নির্দলীয়, নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে জাসদ সভাপতি হাসানুল ইনু বলেছেন, ভোট নিয়ে বিএনপির মাথাব্যথা না। তারা নির্বাচিত সাংবিধানিক সরকারকে উৎখাত করে আগে ক্ষমতার গ্যারান্টি চান।
তিনি বলেন, বিএনপির ক্ষমতায়ন মানে হচ্ছে, বাংলাদেশকে তালেবানের কাছে, সাম্প্রদায়িক শক্তির কাছে ইজারা দেয়া। বিএনপির ভোটের আগে ক্ষমতা চাওয়ার যে গ্যারান্টির চক্রান্ত এটা মোকাবিলায় দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সরকারি দলের নেতারা দেশে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী নদীর তলে সুরঙ্গ, ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ ব্যাপক উন্নয়ন কাজ চলছে। বিএনপির এই অভিযোগটা সত্য নয় জানিয়ে ইনু বলেন, টাকা যদি লুটপাট করে বিদেশেই পাচার হতো তাহলে দেশের এত বড় বড় প্রকল্পগুলো সফলতার সঙ্গে সমাপ্ত করা সম্ভব হতো না।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে ইনু বলেন, নিত্যপণ্যের সরবরাহ যথেষ্ট আছে, উৎপাদন ভালো। তারপরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে বাজার সিন্ডিকেটের চক্রান্ত কারসাজি। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রেখে জনগণের দুঃখ-কষ্ট দূর করতে হবে এর কোনো বিকল্প নাই।
তিনি বলেন, জঙ্গি দমনের মতোই বাজার সিন্ডিকেটকে দমন এবং ধ্বংস করে দিতে হবে। এরা সরকারের ভাবমূর্তি নষ্ট করে এবং জনগণের পেটে লাথি মারে। এরা ব্যবসার নামে কার্যত এই বাজার সিন্ডিকেটের অসৎ ব্যবসায়ীরা জনগণের পকেট কেটে লুট করছে। এটা ডাকাতির মতো ঘটনা। দেশবাসীর প্রতি সুশাসনের চাবুক দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রেখে জনগণের দুঃখ কষ্ট দুর করার আহ্বানও জানান তিনি।
বুধবার (৩০ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের বর্ধিত একাডেমিক ভবন ও বুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় মিরপুর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল কাদের, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলি, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ বিদ্যালয়ে শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।