ভারতে এক সপ্তাহে ছয়বার বাড়লো জ্বালানি তেলের দাম
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৭:৩২ পিএম


আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে আজ আবারও পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে দেশটির তেল কোম্পানিগুলো। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাইসহ বড় বড় শহরগুলোতে পেট্রোলের দাম একশ রুপি ছাড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে দিল্লিতে পেট্রোলের দাম ৮০ পয়সা বেড়েছে।

আর ডিজেল লিটার প্রতি দাম বেড়েছে ৭০ পয়সা। ফলে দিল্লিতে পেট্রোলের দাম এখন লিটারপ্রতি একশ দশমিক দুই এক রুপি আর ডিজেলের দাম হয়েছে ৯১ দশমিক চার সাত রুপি। দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পেট্রোলের দাম হয়েছে ১শ ১৫ দশমিক শূন্য চার রুপি। আর ডিজেলের দাম এখন ৯৯ দশমিক দুই চার।

এর আগে সোমবারও পেট্রোলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা ও ডিজেলের দাম ৩৫ পয়সা বাড়িয়েছিল ভারতের তেল সংস্থাগুলো।

এনিয়ে, গেল ২২শে মার্চ থেকে এপর্যন্ত, ৮ দিনে ৭ বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। যেখানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ২৬ শতাংশ।

বিশেষজ্ঞদের ধারণা ভারতে তেলের দাম বাড়ার এই প্রক্রিয়া আরও কিছুদিন চলবে। সেই সাথে এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে।  

দফায় দফায় তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে শুরু করেছে ভারত। কিন্তু তা দিয়ে দেশের প্রয়োজন কি মিটবে তাহলে এমন প্রশ্ন করছেন দেশটির অনেকেই।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরপরই বিশ্ব বাজারে অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌঁছেছিল। যদিও পরে তা কমে যায়। তবে এখনো ১২০ ডলারের ঘরে উঠানামা করছে তেলের দর।

জ্বালানি তেলের ৮৫ শতাংশই আমদানি করে ভারত। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় বাড়তি চাপ তৈরি হয়েছে, বলছেন সংশ্লিষ্টরা।

গত ২২ মার্চের পর থেকে ফের জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে ভারতে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই জ্বালানির দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার, এমন দাবি করে আসছিল দেশটির বিরোধী দলীয়রা। অবশ্য বিশ্বব্যাপী তেলের দাম বাড়ার পরও গত বছরের নভেম্বরের পর ভারত সরকার পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft