প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৬:৪৬ পিএম

শিগগিরই পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। উন্নয়ন হবে এসব এলাকার মানুষের। পরিবর্তন আসবে জীবনযাত্রায়।
মঙ্গলবার (২৯ মার্চ) শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জাপানে গিয়েছিলেন তখন তিনি জাপান সরকারের কাছে যমুনার উপর সেতু নির্মাণের সহযোগিতা চান। পরবর্তীতে তারা যমুনার উপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ করেন। যা ছিল জাপান সরকারের উপহার।
শেখ হাসিনা আরও বলেন, আমি ক্ষমতায় আসার পর যখন জাপান যাই, তখন জাপান সরকারের কাছে পদ্মা ও রূপসা সেতু নির্মাণের জন্য অনুরোধ জানাই। তারা রাজি হয়ে ফিজিবিলিটি স্টাডি করে। পরবর্তীতে আমি ২০০১ সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্ত স্থাপন করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ২০০১ সালে বিএনপি-জামাত ক্ষমতায় আসার পর তারা সেটা বন্ধ করে দেয়।
তিনি আরও বলেন, এরপর দ্বিতীয়বার যখন আবার ক্ষমতায় আসি, তখন পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করি। কিন্তু বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে মিথ্যা অপবাদ দিয়ে অর্থ সরবরাহ বন্ধ করে দেয়। পরবর্তীতে তা প্রমাণ করতে বলা হলে তারা তা প্রমাণ করতে পারেনি। কানাডার আদালতে মামলা হলে সেই মামলার রায়ে দুর্নীতি প্রমাণিত হয়নি। এরপর আমি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করার চ্যালেঞ্জ গ্রহণ করি। আমরা চ্যালেঞ্জ নিয়ে সফল হয়েছি।
আওয়ামী লীগ নেত্রী বলেন, আমি জাতির কাছে কৃতজ্ঞ। কারণ পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে আমি তাদের সহযোগিতা এবং সমর্থন পেয়েছি। এছাড়া আন্তর্জাতিক বন্ধুপ্রতীম দেশ আমাদের সমর্থন দিয়েছে।