প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৮:৪৩ পিএম

টানা চার আসরে শিরোপা জিতল বাংলাদেশ। এএইএফ কাপে শিরোপা অক্ষুন্ন রাখলো বাংলাদেশ। তবে এবার চ্যাম্পিয়ন হতে আর ওমানকে হারাতে যেতে হয়েছে টাইব্রেকার পর্যন্ত।
রোববার (২০ মার্চ) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে ফাইনালে নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ গোলে জিতেছে জিমি, সারোয়ার, আশরাফুলরা।
প্রথম কোয়ার্টারের শেষ দিকে সতীর্থের লম্বা পাস ধরে নিখুঁত ড্র্যাগ ফ্লিকে দলকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আল ফাহাদের ফিল্ড গোলে সমতায় ফিরে ওমান।
পরের দুই কোয়ার্টারে ওমানের রক্ষণে কয়েকবার হানা দিলেও বাংলাদেশ গোল করতে ব্যর্থ। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুট আউটে।
চার সতীর্থ গোল করার পর পঞ্চম শট নিতে এসে বাইরে মারেন ওমানের বেইত মাহমুদ বেইত। ফরহাদ আহমেদ শিটুল, সবুজ, রোমান সরকার ও নাইম শেখের গোলে সেসময় ছিল সমতা। পুস্কর ক্ষীসা মিমো শেষ শটে লক্ষ্যভেদ করলে জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।
অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। সিঙ্গাপুরকে ৭-০, ইরানকে ৬-২ এবং সবশেষ ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল তারা। আর সেমি-ফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।
আগের তিন শিরোপা জয়ের দুটিতে ফাইনালে ওমানকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল দল। ২০০৮ সালে সিঙ্গাপুরের প্রতিযোগিতায় ৬-১ এবং চার বছর পর থাইল্যান্ডের আসরে ৬-৩ গোলে জিতেছিল বাংলাদেশ।