প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৭:১৬ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার দিনগত রাতে বসত বাড়িতে ঢুকে পিতা ও পূত্রকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযুক্ত ২জনকে গ্রেপ্তার করেছে।
আহতরা হলেন, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক গ্রামের ইসলাম খান (৪৫) ও তার ছেলে মোশারফ হোসেন খান (২৩)। এছাড়া গ্রেপ্তারকৃতরা হলো, স্থানীয় গোলজার মোল্লার ছেলে করিম খান (৫০) ও তার ছেলে নাজমুল খান (২৩)।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে ইসলাম খানের বাড়িতে অভিযুক্তরা প্রবেশ করে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও এলোপাথারি মারপিট করে তাদেরকে গুরুতর জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে এবং করিম খান ও নাজমূল খানকে আটক করে পুলিশে দেয়। এ সময় রাশেদ খান নামের অপর হামলাকারি পালিয়ে যায়। এদিকে আহতদের প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এপ্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় আহত মোশারফ হোসেন খানের স্ত্রী রাত্রী খাতুন বাদি হয়ে ৩জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। এদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।