
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে রাজধানীসহ সারাদেশে দিনভর কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও অন্যান্য সংস্থার সমন্বিত তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ জুন) ভোর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনসমাগমস্থলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থাপন করা হয় একাধিক চেকপোস্ট, যেখানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি মোবাইল টহল ও ফুট পেট্রোল জোরদার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মোসলেহ উদ্দিন আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে রাজধানীতে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়। তিনি বলেন, নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যেকোনো পরিকল্পনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে।
তিনি আরও বলেন, রাজধানীতে বাইরে থেকে লোকজন আনার পরিকল্পনার তথ্য থাকায় ঢাকার প্রবেশপথ, বাস ও রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়। একই সঙ্গে বিভিন্ন হোটেল, মেস ও সম্ভাব্য অবস্থানস্থলগুলোতে তল্লাশি চালানো হয়।
ডিএমপি জানায়, পুলিশের পাশাপাশি ডিবি, সিটিটিসি, এসবি ও আইএডি সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করেন। র্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেন। রাজধানীর ধানমন্ডি-৩২, ধানমন্ডি-৩ এবং গুলিস্তান এলাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, সম্ভাব্য কর্মসূচি ও ঝটিকা মিছিল ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় অন্তত ৫৭ জনকে আটক বা গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারদের মধ্যে ঢাকা মহানগরে ২৭ জন, নারায়ণগঞ্জে ১৭ জন, গোপালগঞ্জে ৬ জনসহ বিভিন্ন জেলায় আরও কয়েকজন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও কিছুদিন জোরদার রাখা হতে পারে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এদিকে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বড় ধরনের কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জ/উ