প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি গঠন
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৪৯ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে গঠিত এসব কমিটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে। সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)।

কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করবে। সভার কার্যবিবরণী ও প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আন্তঃবিভাগ ও আন্তঃসিটি করপোরেশন পর্যায়ের বদলির আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদনের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) বদলির আদেশ জারি করবেন।

আরও পড়ুন : অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

একইভাবে বিভাগীয় কমিশনারকে সভাপতি করে বিভাগীয় পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি একই বিভাগের মধ্যে (সিটি করপোরেশন ব্যতীত) শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করবে।

জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হবে। পাশাপাশি একই জেলার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই শেষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন।

উপজেলা বা থানা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক কমিটি গঠন করা হয়েছে। একই উপজেলা বা থানার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও অনুমোদনের দায়িত্ব পালন করবে এ কমিটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেসব বিদ্যালয়ে আগে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ দেওয়া হয়েছে, সেসব প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক পদায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি কমিটিকে নিয়মিত সভা আয়োজন করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাতে হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft