ফরিদপুরে মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার সংক্রান্ত প্রেস ব্রিফিং
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:০৯ পিএম

ফরিদপুরে মা ও শিশু মেয়ে হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) দুপুর ১টায় ফরিদপুর কোতোয়ালি থানার সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং -এ হত্যা মামলার রহস্য উদঘাটন করেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম।
প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের জানানো হয়- জাহানারা বেগম (৩০) রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকার বাসিন্দা এবং তার শিশু কন্যা সামিয়ার (৪) মরদেহ গত ১৪ মে কোতয়ালী থানাধীন চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার একটি পুকুরপাড় থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্বজন মোঃ লালন মোল্লা কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান এসআই (নিঃ) মোঃ আবুল বাশার মোল্লা। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার বকারটিলা এলাকা থেকে মোঃ উজ্জ্বল খান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জাহানারা বেগম ও তার মেয়ে সামিয়াকে হত্যার কথা স্বীকার করেন।
পুলিশ জানায়, ঢাকার আমিন বাজার এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় জাহানারা বেগমের সঙ্গে উজ্জ্বল খানের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দিয়ে উজ্জ্বল খান জাহানারাকে ফরিদপুরে ডেকে নেয়।
গত ৪ মার্চ রাতে কোতয়ালী থানার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকায় একটি নির্জন ছাপড়া ঘরে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল খান প্রথমে জাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাস্থলে থাকা শিশু সামিয়াকেও গলা টিপে হত্যা করা হয়। পরে আসামী নিজ বাড়ি থেকে কোদাল এনে ছাপড়া ঘরের পাশে পৃথক গর্ত খুঁড়ে মা-মেয়ের মরদেহ মাটি চাপা দেয়। ঘটনাস্থল থেকে নিহতদের ব্যবহৃত বোরকা, ওড়না, নেকাব, শিশু সামিয়ার পোশাক, একটি মালা, আসামির ব্যবহৃত মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও কোদাল উদ্ধার করেছে। পুলিশ আরও জানায়, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, কোতোয়ালি থানা পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল্লাহ বিশ্বাস, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জ/দি