প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে বাড়ির গেইটে তালা ঝুলিয়ে দখলের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করে জমিজমা নিয়ে বিরোধের দাবি করেছেন।
অভিযোগ অনুযায়ী, উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী সালমা বেগম শুক্রবার (১৫ মে) সকাল ৭টার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন। তিনি অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী হিরন মিয়া সরকার, সেলিম মিয়া, হানিফ মিয়া ও শরুফা বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায়।
ভুক্তভোগীর ভাষ্য, হামলাকারীরা তাকে ও তার সন্তানদের মারধর করে আহত করে এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া আলমারিতে থাকা নগদ প্রায় ২ লাখ টাকা এবং প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তিনি।
সালমা বেগম বলেন, “আমার স্বামী বিদেশে থাকায় সন্তানদের নিয়ে একাই বসবাস করি। দীর্ঘদিন ধরে তারা আমাদের নানা ভাবে ভয়ভীতি ও হয়রানি করে আসছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।”
স্থানীয়দের দাবি, প্রবাসী আমিনুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসবাস করে আসছে। সেখানে দোকানঘর নির্মাণ করে ভাড়াও দেওয়া হয়েছে। ঘটনার দিন অভিযুক্তরা বাড়ির গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নতুন তালা লাগিয়ে দেয় বলেও জানান তারা।
তবে অভিযুক্ত হিরন মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই জায়গার মাত্র ২ শতক জমির দলিল তাদের নামে রয়েছে। বাকি জমি তারা জোর করে দখল করে রেখেছে।”
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বাড়ির গেইট তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জ/দি