প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:৩৫ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সীমা সরকার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০)। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক শামীম শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার এলাকায় সংঘটিত ওই দুর্ঘটনায় নিহত সীমা সরকার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী। আহত মানিক সরকার একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। মানিক সরকার ও নিহত সীমা সরকার সম্পর্কে দেবর-বৌদি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মানিক সরকার তার বৌদি সীমা সরকারকে নিয়ে মোটরসাইকেলে পিরোজপুর থেকে বরিশালের গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেয়ার পর টুঙ্গিপাড়ার জোয়ারিয়া বাজার এলাকায় পৌঁছালে কোটালীপাড়ার মাঝবাড়ি থেকে আসা একটি পণ্যবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ঘটনায় সীমা সরকার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মানিক সরকারকে স্থানীয়রা উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যান চালক শামীম শেখ কে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
জ/দি