প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:২৭ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলা উপজেলার বিয়াঘাট ইউনিয়ন এর যোগীন্দ্রনগর গ্রামে বুধবার (৭মে) গভীর রাতে একই পরিবারের দুই ভাইয়ের বাড়িতে সংঘবদ্ধ লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরে থাকা কৃষি ফসল, নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা হলেন মৃত আমিনের ছেলে কামাল হোসেন (৩৮) ও সবুজ হোসেন (৪০)। তারা সম্পর্কে আপন দুই ভাই।
পরিবারের সদস্যরা জানান, এলাকার একটি মারামারির ঘটনায় মিথ্যা মামলায় আসামি হওয়ায় কামাল ও সবুজ বর্তমানে বাড়িছাড়া রয়েছেন। এ সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট চালায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি তাদের স্ত্রীরা মাঠ থেকে রসুন ও পেঁয়াজ ঘরে তুলেছিলেন। ঘরে প্রায় ৬ বিঘা জমির রসুন ও আড়াই বিঘা জমির পেঁয়াজ মজুত ছিল। এছাড়া ফ্রিজ, স্টিলের বাক্স, বিভিন্ন কৃষিযন্ত্র, নগদ টাকা ও কিছু স্বর্ণালংকারও ছিল। দুর্বৃত্তরা সবকিছু লুট করে নিয়ে যায়। কামাল ও সবুজের মা কাঞ্চন বেওয়া বলেন, “গভীর রাতে সবকিছু লুট করে নিয়ে আমার ছেলেদের নিঃস্ব করে দিয়েছে। পরিবারে ছোট ছোট শিশু সন্তান রয়েছে। এখন তারা কীভাবে চলবে?” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে গুরুদাসপুর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, জুয়া ও মাদকের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ওসি মনজুরুল আলম বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। লুটপাটের ঘটনায় জড়িতদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
জ/দি