প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৪৭ পিএম

লালমনিরহাটে বিজিবি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়েছে আনন্দমুখর ও আধুনিক শিক্ষার নতুন উদ্যোগ। একইসঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার (৫ মে) দুপুরে লালমনিরহাটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কোমলমতি শিশুদের জন্য নির্মিত ব্যতিক্রমধর্মী শ্রেণিকক্ষের উদ্বোধন করেন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে নেওয়া এ উদ্যোগে শিশুদের আনন্দমুখর ও অংশগ্রহণমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে চালু করা হয়েছে গোল টেবিলভিত্তিক বসার ব্যবস্থা। এতে শিশুরা একে অপরের মুখোমুখি বসে শেখার সুযোগ পাচ্ছে।
এছাড়াও চালু হয়েছে ব্যতিক্রমধর্মী ক্যান্টিন ব্যবস্থা, যেখানে শুধু খাবার সরবরাহ নয়, বরং শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “আমরা চাই শিশুরা আনন্দের সাথে স্কুলে আসুক এবং সহজভাবে শিক্ষা গ্রহণ করুক। ধাপে ধাপে এই উদ্যোগকে আরও উন্নত করা হবে।”
এদিকে ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনকে ঘিরে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের দায়িত্ব সীমান্ত রক্ষা, অবৈধ চলাচল প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকরা। এ উদ্যোগকে ঘিরে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি শিশুদের মানসম্মত শিক্ষা ও সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জ/দি