প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:৩৬ পিএম আপডেট: ২৩.০৪.২০২৬ ২:৪০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক আচরণের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির দফতর থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রধান বিচারপতির দফতর সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল কুমিল্লায় একটি অনুষ্ঠানে গিয়ে বিচারপতি আব্দুল মান্নান অপেশাদার সুলভ আচরণ করেন। সেখানে এপেক্স ক্লাবের একটি নির্বাচন বন্ধ করতে গিয়ে তিনি উপস্থিত লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং চিৎকার করতে থাকেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রেখে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের মর্যাদা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের পুনর্গঠিত নতুন বেঞ্চ এবং দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) থেকে বিচারপতি আব্দুল মান্নানের নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে আপাতত কোনো বিচারিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।
বিচারপতি আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। উচ্চ আদালতে যোগ দেওয়ার আগে পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
জ/উ