প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার(সচিব) বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্তদের ব্যাখ্যা তলবের নোটিশ প্রদান করা হয়েছে। জেলা প্রসাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মোহাম্মদ সোহেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজগর আলী এবং সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. ময়নুল হক-এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
জানা যায়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে বিষয়টি প্রশাসনের নজরে আসার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অভিযোগটি তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান আজগর ও প্রশাসনিক কর্মকর্তার ময়নুলের যোগসাজশে ৭৫ হাজার টাকা আদায় ও আত্মসাৎ করা হয়।
প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এবং প্রযোজ্য কর্মচারী বিধিমালার আওতায় কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে ইচ্ছুক কিনা তাও উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী ও প্রশাসনিক কর্মকর্তা ময়নুল হকের বিরুদ্ধে ট্রেড লাইসেন্স, ইটভাটা ও বিভিন্ন খাতের রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ উঠে। অভিযোগে বলা হয়, আদায়কৃত অর্থের একটি অংশ সরকারি হিসাবে জমা না দিয়ে রশিদে কম অঙ্ক দেখিয়ে হিসাব গরমিল করা হয়েছে।
জ/দি