প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:১৬ পিএম

অবশেষে আশঙ্কাই সত্য হলো, সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে না পাকিস্তান। চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান দল এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে না। এবারের আসরটি তাই ছয়টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
আগামী ২৫ মে থেকে ৭ জুন ভারতের গোয়ার ফাতোরদাতে এই দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হবে। শুরুতে সাতটি সদস্য দেশের অংশগ্রহণের পরিকল্পনা থাকলেও পাকিস্তান সময়মতো তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। ভারতের এক শীর্ষ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, পাকিস্তান অংশ নেবে না। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সময়সীমা শেষ হয়ে গেছে। পাকিস্তান সরকার হয়ত দলটিকে ভারতে পাঠাতে আগ্রহী নয়।
দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের ক্রীড়া সম্পর্ক রাজনৈতিক উত্তেজনার কারণে প্রভাবিত হয়ে আসছে। বহু ক্ষেত্রে দুই দেশের ম্যাচ বা টুর্নামেন্ট আয়োজনের জন্য নিরপেক্ষ ভেন্যু বা বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। উদাহরণ হিসেবে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলেছে। এছাড়া ২০২৫ সালের এশিয়া কাপ হকিতেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে পাকিস্তান সরে দাঁড়ায়। যদিও ২০২৩ সালে চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা অংশ নিয়েছিল।
পাকিস্তান-ভারতের সম্পর্ক আগে এতটা তিক্ত ছিল না। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পুরুষ ফুটবল দল ভারতে খেলতে গিয়েছিল, যা কয়েক বছরের পর তাদের প্রত্যাবর্তন ছিল। এবার পাকিস্তানের অনুপস্থিতিতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দল সংখ্যা দাঁড়িয়েছে ছয়টি-ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আয়োজকরা জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব নতুন নয়, আর এবারের পাকিস্তানের অনুপস্থিতি সেই বাস্তবতাকে আবারও প্রমাণ করল।
জ/উ