কেন্দুয়ার রামপুর বাজার অভিযানে ৮০০ লিটার গুদামে মজুত পেট্রোল জব্দ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

নেত্রকোনার কেন্দুয়ার রামপুর বাজারে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব তেল লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসয়ী হলেন এনায়েতুর রহমান। তিনি রামপুর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেল সংকট চলছে। এ অবস্থায় ওই ব্যবসায়ী পেট্রোল অবৈধভাবে মজুদ করে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রামপুর বাজারে অভিযান চললে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় এনায়েতুরের গুদাম ঘরে অবৈধভাবে ড্রামে মজুত করা ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজারসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে ‘হায়েনার’ হানা, গৃহবধূ জখম

জব্দ করা পেট্রোল শনিবার (২৮ মার্র) সকাল ১০টার সময় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জানতে চাইলে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ ফায়দা নিতে না পারে সেজন্য সব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft