প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৩৩ পিএম

চৈত্রের প্রথম দিনে ঢাকা ও আশপাশের এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এমন আবহাওয়া দেখা যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত বাতাসের প্রভাবে কালবৈশাখী ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতির প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা সাময়িকভাবে ঝড়ো হাওয়ায় রূপ নিয়ে ২৫ থেকে ৩৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে পৌঁছাতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় বিস্তৃত রয়েছে।
সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ১৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। একই সময়ে সিলেটে সর্বোচ্চ ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এছাড়া কালবৈশাখী পরিস্থিতির কারণে গত কয়েক দিনের মতো সামনের দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে।
জ/উ