হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেফতার
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৪২ এএম আপডেট: ১৫.০৩.২০২৬ ১২:৪২ পিএম

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার (১৪ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা রাজ্যের শান্তিপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। খবর ইন্ডিয়া ট্যুডের।

এর আগে, গত শনিবার দিবাগত রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। সপ্তাহ পেরুতেই এবার ফিলিপ সাংমার গ্রেফতারের কথা জানা গেলো।

এদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্র খবর পেয়ে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ফিলিপ সাংমাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেছেন, তিনি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে সহায়তা করেন। বাংলাদেশে গ্রেফতার এড়াতে পরে তিনি নিজেও অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন।

আরও পড়ুন : প্রযুক্তি ব্যবহার করে প্রাণনাশের হুমকি: ব্যবসায়ী সুমনের নিরাপত্তার দাবি

ফিলিপ সাংমা ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা। তাকে আদালতে তোলার পর এখন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এসটিএফ জানিয়েছে।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল সিঙ্গাপুরে। ছয় দিন পর ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft