আমার নির্দেশ ছাড়া কিছু করা যাবে না’-সেটা ন্যায্য হোক বা অন্যায় হোক- প্রতিমন্ত্রী পুতুল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৪৪ পিএম

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, নির্দেশনাভিত্তিক মানসিকতা থেকে বেরিয়ে এসে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তা না হলে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে না। রোববার (১ মার্চ) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা বিগত দিনে আমাদের কালচার নষ্ট করে ফেলেছি। ‘আমার নির্দেশ ছাড়া কিছু করা যাবে না’-সেটা ন্যায্য হোক বা অন্যায় হোক-এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ডেফিনেটলি বেরিয়ে আসতে হবে। না পারলে আমরা কোনো কাজই এগিয়ে নিতে পারব না।”

তিনি আরও বলেন, “আমরা যারা রাজনীতি করি, জনগণের চাওয়া-পাওয়া আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব পায়। বিগত ১৭-১৮ বছরের প্রত্যাশা এবং আগামী পাঁচ বছরের প্রত্যাশা-সব মিলিয়ে আমাদের ওপর চাপ থাকবে বেশি। তাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমার নাম ব্যবহার করে কেউ যদি অবৈধ সুবিধা নিতে আসে, তাকে বসিয়ে রেখেই আমাকে ফোন দেবেন। সে যেই হোক না কেন। যদি কাউকে আপনাদের কাছে পাঠাতে হয়, আমি নিজে বলে পাঠাব। আমার নাম ভাঙিয়ে কেউ অবৈধ সুবিধা নিতে পারবে না।”

আরও পড়ুন : যশোরে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈকত মো. রেজুয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়জুল কবির তিতাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে সফরকালে প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় করেন। এর আগে তিনি বড়াল নদী পরিদর্শন করেন এবং দীর্ঘদিন বন্ধ থাকা মালঞ্চি রেলস্টেশন ঘুরে দেখেন। স্টেশনটি পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft