প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৮:১৪ পিএম

সিলেটের বিয়ানীবাজারে থানা এলাকায় গুলিতে নিহত তারেক আহমদের লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়নি। আদালতের নির্দেশ মেনে কবর থেকে লাশ উত্তোলন করতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কটুখালিপাড় এলাকায় যান দায়িত্বশীলরা। এ সময় শহীদ তারেক আহমদের পরিবারের পক্ষ থেকে লাশ উত্তোলন না করার অনুরোধ করা হয়। শহীদ পরিবারের অনুরোধ মেনে দায়িত্বশীলরা লাশ উত্তোলন না করে পরিবারের মতামতের বিষয়টি আদালতকে অবহিত করা হবে বলে জানান।
গত ৫ আগস্ট গুলিবিদ্ধ তারেক আহমদের লাশ ৬ আগস্ট ভোর রাতে পরিবারের সদস্যরা বিয়ানীবাজার থানা এলাকার একটি ঝোপের মধ্যে পেয়েছিলেন। সে সময় পরিস্থিতি প্রতিকুল থাকায় ময়না তদন্ত ছাড়া ৬ আগস্ট জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়। বৃহস্পতিবার আদালতের নির্দেশ পালন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তফা মুন্নাসহ বিয়ানীবাজার থানা পুলিশ পরিদর্শক তদন্ত ছবেদ আলী ও থানা পুলিশের সদস্যরা শহীদ তারেক আহমদের মরদেহ উত্তোলন করতে গিয়েছিলেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামসহ শহীদ তারেক আহমদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের পক্ষ থেকে লাশ উত্তোলন না করার বিষয়টি জানান, তারেক আহমদের ছোট ভাই। এ সময় তিনি বলেন, পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের সবার মতামত শহীদ তারেকের লাশ উত্তোলন যেন না করা হয়। লাশ উত্তোলন করা হলে শহীদ তারেক আহমদের আত্মা কষ্ট পাবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তফা মুন্না বলেন, শহীদ তারেক আহমদের পরিবার চাচ্ছে না তাঁর মরদেহ করব থেকে উত্তোলন করা হোক। আমি শহীদের মায়ের সাথে আলাপ করেছি, তিনি তাদের মতামত আমাকে জানিয়েছেন। এ বিষয়টি আইনি প্রক্রিয়া মেনে আদালতকে অবহিত করার হবে।
প্রসঙ্গত, তারক আহমদ নিহত হওয়ার ঘটনায় গত ২০ আগস্ট বিয়ানীবাজার থানায় মামলা করেন মাতা ইছারুন নেছা। মামলা দায়েরের দুইদিন পর তিনি আদালতে মামলা প্রত্যাহারেরও আবেদন করেন।