প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৪:২৫ পিএম

বাজারে পেঁয়াজের দাম ধরাছোঁয়ার বাইরে। সর্বত্র পেঁয়াজের ঝাঁঝে মানুষের চোখে পানি। পেঁয়াজ কিনতে গিয়ে ক্রেতাদের ত্রাহি মধুসূদন অবস্থা। এরই মাঝে খবর পাওয়া গেলো গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের আড়ুয়া কংশুর গ্রামের তৈয়বুর রহমান মোল্লার ছেলে বিপ্লব হোসেন (২৮) তার ৫ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করছেন। পেঁয়াজের দাম আকাশছোঁয়া বর্তমান বাজারে। এ সময় বিপ্লব হোসেনের এমন বৈপ্লবিক উদ্যোগ নেওয়া আসলেই সুসংবাদ এবং তা প্রশংসার দাবি রাখে।
চাষি বিপ্লব হোসেন বলেন, বছরের এ সময়টা অনেকে ধানসহ বিভিন্ন ফসল চাষ করলেও আমি ৫ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। প্রতি বছরই আমি পেঁয়াজ চাষ করি। পেঁয়াজ চাষ করে আমি লাভবান। প্রতি বছরই মুড়ি কাটা পেঁয়াজ চাষ করি আমি। দানা থেকে মুড়ি কাটা পেঁয়াজের চারা নিজেই তৈরি করি। তারপর তা জমিতে রোপন করি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে। এ বছরের জন্য আমি লালতীর ব্র্যান্ডের বীজ বাজার থেকে ক্রয় করে মুড়িকাটা চারা প্রস্তুত করে রেখেছিলাম। জমিতে সেই বীজ লাগিয়েছি। কৃষি অফিস থেকেও কিছু বীজ পেয়েছি। আগামী ফেব্রুয়ারী মাসে ফসল তোলার আশা করছি। পেঁয়াজ বিক্রি করে আমি গত বছর বেশ লাভবান হয়েছি। গতবছর আমার ৫ বিঘা জমিতে পেঁয়াজ চাষে ব্যায় হয়েছিলো সাড়ে চার লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকার মতো। ওই পরিমান জমি থেকে প্রায় চারশত মন পেঁয়াজ উৎপন্ন হয়েছে। গতবছর আমি প্রতিমন পেঁয়াজ বিক্রি করেছি ৩৫০০ টাকা করে। এসব পেঁয়াজ বিক্রি করে আমার আয় হয়েছে ১৪ লাখ টাকা। আমার মতো চাষী মহীন মোল্লা ২ বিঘা, গোবিন্দ বিশ্বাস ৩ বিঘা, প্রশান্ত ২ বিঘা, আবু সাইদ মোল্লা ১ বিঘা, ইয়াদ আলী ২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছে। আমার পার্শ্ববর্তী এলাকার কমপক্ষে বিশ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করছে চাষীরা। আশা করছি এবারও ভালো দাম পাওয়া যাবে। দেশে উৎপাদিত পেঁয়াজের স্বাদ ভারতীয় পেঁয়াজের চেয়ে বেশী। আশা করি দেশে পেঁয়াজের আকাল থাকবেনা।
করপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সুলেখা বিশ্বাস বলেন, করপাড়া ইউনিয়নে কমবেশি ৭০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। চাষীরা বাজারে বিক্রির জন্য পেঁয়াজ চাষের পাশাপাশি অধিক লাভের আশায় মুড়িকাটা পেঁয়াজের চারা তৈরির জন্যও জমি কাজে লাগায়।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মাফরোজা আক্তার বলেন, পেঁয়াজ অত্যন্ত লাভজনক ব্যবসা। সাধারনত উঁচু জমিতে পেঁয়াজ চাষ ভালো হয়। স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজের স্বাদ খুবই ভালো।
গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ৩৮৮৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জানিয়ে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাদের সরদার বলেন,এখানকার জমিতে পেঁয়াজ ভালো উৎপন্ন হয়। কৃষি কর্মকর্তারা পেঁয়াজ চাষীদের সবরকম সাহায্য করে এবং পরামর্শ দিয়ে থাকে। জেলায় হেক্টর প্রতি কমপক্ষে ১২ মে.টন পেঁয়াজ উৎপন্ন হয়। পেঁয়াজ চাষে কৃষকদের আকৃষ্ট করতেও কৃষি বিভাগ কাজ করছে।