প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:১৯ পিএম আপডেট: ২০.১১.২০২৪ ৬:৫৯ পিএম

বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহারুল ইসলাম (৩০) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লাইনম্যান আজাহারুল ইসলামের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়ায়। নিহতের সহকর্মী লাইনম্যান মো: ইউসুফ আলী বলেন, ডুমদিয়া পল্লী বিদ্যুতের লাইনে আজাহারুলকে নিয়ে আমি কাজ করছিলাম। এসময় হঠাৎ বিদ্যুৎ চালু হলে বিদ্যুতায়িত হয়ে আজহারুলের সারা শরীর পুড়ে যায়। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবতাব জিলানী বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: জুলফিকার রহমান বলেন, আজহারুল ইসলামের যেখানে কাজ করার কথা ছিল সেখানে লাইন শাট ডাউন দেওয়া ছিল। তিনি ওই কাজ শেষ করে পাশের একটি লাইনে অফিসকে না জানিয়ে কাজ করছিলেন। চালু লাইনে কাজ করছিলেন বলেই আজহারুল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।