তিতুমীরের বিষয়ে কমিটি করবে সরকার: আন্দোলন প্রত্যাহার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৭:৪৯ পিএম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে সরকারের কমিটি গঠনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে কলেজটির শিক্ষার্থীরা সকল ধরণের একাডেমিক কার্যক্রম বর্জন করেন এবং সড়ক ও রেলপথ অবরোধের সময় মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনে পাথর নিক্ষেপ ও শিশুসহ তিন যাত্রী আহত হওয়ার ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মনে করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাছাড়াও তারা ওই ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেছেন ঘটনাটির দায় রেল কর্তৃপক্ষ এড়াতে পারে না।

বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন ওই কলেজের শিক্ষার্থীরা। এ অবস্থায় সরকারের আহনে গতকাল মঙ্গলবার বিকেলে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যায়। আলোচনায় দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের আশ্বাস দেয়া হলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।

বৈঠকে অংশ নেয়া তিতুমীর কলজের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সদস্য মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, 'আলোচনায় সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন এবং আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেয়া হয়েছে। কমিটি অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে। আমরা প্রস্তাবটি গ্রহণ করেছি এবং এ সময়ের জন্য আন্দোলন প্রত্যাহার করছি বলে জানান তিনি।

এর আগে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সব ধরণের একাডেমিক কার্যক্রম বর্জন করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে গতকাল মঙ্গলবার ভোর থেকেই ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন তারা। সাকিব শেখ নামে এক শিক্ষার্থী বলেন, আমরা আজ ক্লাস বর্জন কর্মসূচি পালন করছি এবং ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছি। নগরবাসীর দুর্ভোগের কথা ভেবে আমরা আজ আমরা সড়ক অবরোধ করছি না।

আরেক শিক্ষার্থী আলী আহমেদ বলেন, আমরা এখন আমাদের দাবির বিষয়ে সরকারের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি। আমরা মনে করি আমাদের দাবি যৌক্তিক। আমাদের পাঁচটি হোস্টেল আছে এবং কলেজ শাখা নেই। এখানে শুধু অনার্স এবং মাস্টার্স পর্যায়ের কার্যক্রম চলমান আছে।
কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী এহতেশাম নোমান বলেন, 'এ বিষয়ে সরকার থেকে ইতিবাচক সাড়া না পেলে আমরা আমাদের "বারাসাত ব্যারিকেড টু মহাখালী" অবরোধ কর্মসূচি আবার শুরু করব।'

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় গতকাল সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এরপর আড়াই ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন এবং পরে রাত সাড়ে ৯টার দিকে তারা অবরোধ তুলে নেন। এ কারণে সড়কে যান চলাচল বন্ধের পাশাপাশি ঢাকার সঙ্গে প্রায় সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মহাখালী উড়ালসড়ক ও এর নিচের বিমানবন্দর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। দিনভর চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া সাধারণ মানুষ।
এদিকে,  সড়ক ও রেলপথ অবরোধের সময় মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনে পাথর নিক্ষেপ ও যাত্রী আহত হওয়ার ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মনে করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ঘটনাটির দায় রেল কর্তৃপক্ষ এড়াতে পারে না বলেও দাবি তাদের। যদিও ওই ঘটনায় তারা দুঃখ প্রকাশও করেছেন।

গতকাল মঙ্গলবার তিতুমীর ঐক্যের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা জয়, ১৮ নভেম্বর তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন দফা দাবিতে পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু মহাখালী চলাকালে রেলপথও এর আওতায় ছিল। বিষয়টি গত ১৪ নভেম্বর সংবাদ সম্মেলন ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয়। প্রশাসন ও গোয়েন্দা বিভাগকে এই বিষয়ে জানানো হয়েছিল। রেল কর্তৃপক্ষকে বিষয়টি আগেই বলা হয়েছিল। বলা হয়েছিল বিকেল ৪টা পর্যন্ত এই পথে কোনো রেল চলবে না। উপক‚ল এক্সপ্রেস যখন আসছিল তখন ৪-৫ কিলোমিটার দূর থেকে লাল কাপড় দেখিয়ে সংকেত দেওয়া হয় ট্রেনটিকে থামানোর জন্য। কিন্তু ট্রেন চালক সেটি না করে গতি বাড়িয়ে দেন। এই সময় রেল লাইনে অন্তত তিন হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপক‚ল এক্সপ্রেসের এমন খামখেয়ালি আচরণের কারণে অন্তত ১২ শিক্ষার্থী আহত হন। ফলে তারা কয়েকটি নুড়ি-পাথর ট্রেন লক্ষ্য করে ছুঁড়ে মারেন। যে কারণে ট্রেনের ভেতর থাকা শিশুসহ কয়েকজন আহত হন। এ ধরণের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা রেল কর্তৃপক্ষের খামখেয়ালি সিদ্ধান্ত ও ওই সময় ট্রেন চলাচল করার অনুমতির কারণে হয়েছে। যে কারণে এ দায় রেল কর্তৃপক্ষ কোনো কারণে এড়িয়ে যেতে পারে না। সোমবার ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনার জন্য তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।

এ প্রসঙ্গে ডিসি এ এফ এম তারিক হোসেন খান বলেন, আমরা সতর্ক অবস্থায় আছি। আমরা চাচ্ছি শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরেই থাকুক। কোনো ধরণের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপত্তি যেন না ঘটে। এর আগে সোমবার দুই দফায় সড়ক অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সকালে প্রথম দফায় মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় একটি ট্রেন অবরোধ উপেক্ষা করে চলে গেলে তারা সেটিতে পাথর নিক্ষেপ করেন। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হন এবং ট্রেনের কয়েকটি জানালা ভেঙে যায়। এরপর প্রায় পাঁচ ঘণ্টা তারা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। এ সময় সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft