
জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন একাধিক বক্স অফিস হিট সিনেমা উপহার দিয়েছেন। তার অন্যতম হিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি মুক্তির পর থেকেই এর দ্বিতীয় কিস্তি কবে আসবে তা নিয়ে প্রশ্ন উঠে। দর্শকের অপেক্ষার অবসান হলো। দীর্ঘ তিন বছর পর ‘পুষ্পা: দ্য রুল-পার্ট-২’ নিয়ে আসছেন দক্ষিণি তারকা আল্লু অর্জুন।
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পালা ফুরিয়ে সেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে রোববার (১৭ নভেম্বর)। ট্রেলার মুহূর্তেই ভাইরাল। মাত্র ১৫ মিনিটে এক মিলিয়ন দর্শক দেখেছেন। মুক্তির পর থেকে ট্রেলারটি ৪২ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন, যা দক্ষিণি সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা। সিনেমাটি যে বক্স অফিস মাতাবে, সেটা আগেই জানিয়ে দিলেন এ তারকা।
বলিউড হাঙ্গামা বলছে, সুকুমার পরিচালিত এই সিনেমার ট্রেলার জুড়ে রয়েছে অ্যাকশন আর রোম্যান্সের ঝলক। আর এতে ভিন্নমাত্রা যোগ করেছে সংলাপ। পুষ্পা চরিত্রে অ্যাকশনে অবতারেই দেখা মিলেছে আল্লু অর্জুনের। চরিত্রের সঙ্গে মিশে গিয়ে অভিনয় করেছেন তিনি। আর আল্লুর সঙ্গে শ্রীভাল্লির চরিত্রে রাশমিকা মান্দানা তার চমক দেখিয়েছেন। ট্রেলারে তার দেখা মিলেয়েছে কয়েকবার। প্রতিবার ভিন্নভাবে দেখা গেছে রাশমিকাকে।
সেই লাল চন্দনকাঠের চোরাচালানের গল্প নিয়েই পুষ্পার গল্প এগিয়েছে। সেই গল্পে পুষ্পারাজ এক সাধারণ শ্রমিক থেকে জড়িয়ে পড়ে কাঠ পাচারে। বিষয়টি উঠে এসেছে সিনেমাটির ট্রেলারে। এবার পুষ্পাকে শেষ করার করার শপথ নিয়েছে এসপি ভনওয়ার সিং শেখাওয়াত। পুলিশের চরিত্রে ফাওয়াদ ফাসিলের সঙ্গে এবার পুষ্পার চোর-পুলিশের খেলা দৃষ্টি কেড়েছে। সেই সঙ্গে নিজের ব্যবসা টিকে রাখতে পুষ্পার কাজকর্মও প্রশংসা পাচ্ছে। সবমিলিয়ে বলা যায় দর্শকের মন জয় করেছে পুষ্পা টু’র ট্রেলার।
গ্যাংস্টার পুষ্পার জীবনে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছে ২ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলার। তবে মূল গল্প কি নিয়ে সেটা স্পষ্ট নয় তাই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়ে গিয়েছে। আগামী ৫ ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।
এ পর্বেও পুষ্পারাজকে দেখা যাবে শত্রুদের সঙ্গে প্রতিশোধের খেলায় মেতে উঠতে। সেসব অ্যাকশন দৃশ্য এখন ভাইরাল। যা নিয়ে ভক্তরা লিখেছেন, ভারতের স্থানীয় গল্প নিয়ে সিনেমায় এমন অ্যাকশনের দৃশ্য কমই দেখা গেছে। যে পুষ্পারাজ সারা দিন বাইরে বাঘের মতো মারপিট করে বেড়ায়, সে বউয়ের কাছে এসে ভয়ে জড়োসড়ো থাকে। ট্রেলারেরই বউয়ের সামনে পা ধরে থাকার অংশটি ভক্তদের নজর কেড়েছে।
পুষ্পার ট্রেলার আলোচনায় রয়েছে আইটেম গান। এক ভক্ত লিখেছেন, ‘সামান্থা রুথ প্রভু নাচে পারদর্শী নন, তাতেও যা পারফর্ম করেছেন, তা সত্যিই আইটেম গানে প্রশংসার দাবিদার। বিশেষ করে শ্রীলীলা, আল্লু অর্জুনের সঙ্গে নাচে পেরে উঠবেন কি না, সেটাই দেখার বিষয়। আর গানগুলোও হিট হতে যাচ্ছে। আশা করা যায়, পুষ্পা ২–এর কিসিক গানটা রেকর্ড গড়বেই।’
তবে অনেকে আবার ট্রেলার নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। বলছেন, হাইপ উঠলেও সিনেমার ট্রেলার ছিল দুর্বল। এক ভক্ত লিখেছেন, ‘ট্রেলারটি দেখে মনে হলো, অতিরিক্ত নাটকীয়তা আর দুর্বল সংলাপ কাহিনির মূল বিষয়কে গিলে ফেলেছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো পুরোনো মনে হলো, নতুনত্বের ছোঁয়া নেই। চরিত্রগুলোর অভিব্যক্তি মোটেও বাস্তবসম্মত নয়, যেন জোর করে মেলে ধরা হয়েছে। সব মিলিয়ে, ট্রেলারটি অনেক কিছু প্রতিশ্রুতি দিলেও বিশেষ কিছু দিতে পারেনি।’
‘পুষ্পা ১’-এ জুটি বেঁধে এসেছিলেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। আবার এ জুটিকে দেখা যাবে ‘পুষ্পা ২’-এ। ফায়াদ ফাসিল আবার ভিলেনরূপে আসতে চলেছেন ‘পুষ্পা’র দ্বিতীয় সিকুয়েলে। সিনেমাটির প্রথম কিস্তি এর আগে ৪০০ কোটি রুপি আয় করে। পুষ্পার প্রথম কিস্তির থেকে চেয়ে দ্বিতীয় পর্বটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে সিনেমাটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়, হিন্দি ছাড়াও বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’।