
জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৮ জেলেকে এক মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দ করা হয় মাছ ধরার তিনটি নৌকা এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-মো. জুয়েল, সাকিব, মো. মিজান, মো. মুন্না হাসান, শিপন, শাহাদাত, শাহিন, হাবিবুল্লাহ, তাজুল ইসলাম, মো. হাবিব, মো. ওমর আলী, নজরুল ইসলাম, মো. রাজ্জাক আলী, নবীর হোসেন মাল, মো. কবির হোসেন, দ্বীন ইসলাম, নবীর হোসেন মিজি ও মো. জসিম। তাদের বাড়ি চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। এসময় মতলব উত্তর উপজেলার মোহনপুর থেকে ১১ জন, আনন্দবাজার থেকে দুজন, রাজরাজেশ্বর থেকে ছয়জন সহ ১৯ জন জেলেকে আটক করা হয়। এরমধ্যে ১৮ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয় হয়।
তবে বয়স ১৮ বছরের কম হওয়ায় কিশোর এক জেলেকে সতর্ক করে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। অভিযানে জব্দ করা হয় মাছ ধরার তিনটি নৌকা এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল।
এ কর্মকর্তা আরও বলেন, জব্দ করা নৌকাগুলো কোস্টগার্ডের হেফাজতে এবং জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জ/আ