শুভ উদ্যোগ মান অনুযায়ী হাসপাতালের ফি নির্ধারণ করা হবে
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১০:৪৭ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিভিন্ন হাসপাতালে যে চার্জ আছে সেটিকে আমরা নির্ধারণ করে দেয়ার চেষ্টা করছি। কোন কোন জায়গায় দেখা যায় একটি বিশেষ পরীক্ষার জন্য ১০ হাজার টাকা, অন্য জায়গায় আবার ৫০ হাজার টাকা, এই বিরাট বৈষম্য আমরা দূর করতে চাই। 

এটি হতে দেয়া যাবে না।  গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, দরিদ্র জনগণ যাতে সঠিক চিকিৎসা পায়, তারা যেন কষ্ট না পায়, সেদিকে নজর রাখতে হবে। তাদের যাতে বাড়তি মূল্য না দিতে হয়। জাহিদ মালেক বলেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেছি। 

তাদেরকে বলেছি তাদের সেবার মান উন্নয়ন করতে হবে। সেক্ষেত্রে আমরা ক্যাটাগরি করে দেব। সেবার মান উন্নত করে এবিওসি ক্যাটাগরি করে দেব। ক্যাটাগরি সার্বিক ব্যবস্থাপনা অনুযায়ী নির্ধারণ করা হবে। 

যে ক্যাটাগরিতে যে স্বাস্থ্যসেবা দেয়ার উপযোগী সেই প্রতিষ্ঠান তার বাইরে সেবা দিতে পারবে না। কবে নাগাদ হাসপাতালের ক্যাটাগরি ও পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করা হবে- জানতে চাইলে তিনি বলেন, আলোচনার মাধ্যমে এটি আমরা করতে পারব। 

সব হাসাপাতাল তো একই মানের না, সুতরাং এক রকম তো হবে না। সে অনুযায়ী চার্জ নির্ধারণ হবে। করোনার জন্য অনেক কিছু করতে পারিনি, গোটা বিশ্বই এগোতে পারেনি। আগামীতে যাতে দ্রুত করতে পারি সেদিকে নজর রাখছি। 

এ বছরই এটি হবে। আমরা প্রাথমিক লিস্ট করে রেখেছি। সবকিছুর ধারণা রেখেছি, আশা করি দ্রুতই এটি হয়ে যাবে। তিনি বলেন, অনেকে অপারেশন করেন, সিজার করেন। 

কিন্তু সিজার করার ব্যবস্থা হয়তো সেই ক্লিনিক বা হাসপাতালে নেই, তাদের অপারেশন বা সিজার করতে দেয়া যাবে না। দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মাধ্যমে বিদেশে যাওয়া কমে আসবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখনও অনেকে বিদেশে চিকিৎসা নেয় এবং আমাদের কষ্টার্জিত যে বৈদেশিক মুদ্রা, তা চলে যায়। 

সেটি হয়ত কমবে। চিকিৎসার জন্য অনেক বৈদেশিক মুদ্রা বাইরে চলে যায়। আমাদের দেশে চিকিৎসাটা ভালো থাকলে মানুষ বাইরে যাবে না। তাহলে সেই টাকা দেশেই থাকবে।

এছাড়া প্রাইমারি হেলথ কেয়ারে সবচেয়ে বেশি যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয় বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাইমারি লেবেলে যারা স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন, বিশেষ করে গ্রাম্য ডাক্তার যারা রয়েছেন, তারা কোয়ালিফাইড না। 

তাদের কোন সার্টিফিকেট বা যোগ্যতা নেই, অথচ তারা অ্যান্টিবায়োটিকও প্রেসক্রাইব করে। এটিও এখন থেকে আর হতে দেয়া হবে না। যারা গ্রামে চিকিৎসা দেয়, তাদের চিকিৎসা দেয়ার মতো কোন শিক্ষা, যোগ্যতা বা সার্টিফিকেট নেই। 

তাদেরকে আমরা চিকিৎসা দিতে দেব না। এ বিষয়ে আমরা খুব শিগগিরই পদক্ষেপ গ্রহণ করব। এ বিষয়ে কাজ করে যাচ্ছি। মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চেষ্টা করছি। 

সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি। সেবার মানোন্নয়নে অনেকগুলো দিক আছে। এক্ষেত্রে অনেক জনবল প্রয়োজন হয়, অবকাঠামো ও যন্ত্রপাতির প্রয়োজন হয়। আমরা এখন প্রাইমারির স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বদ্ধপরিকর। 

যদি প্রাইমারির স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যখাতের সার্বিক চিত্র অনেকটাই পাল্টে যাবে। জাহিদ মালেক বলেন, প্রাইমারি হেলথ কেয়ার মূলত কমিউনিটি ক্লিনিক ও ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে দিয়ে থাকি। 

সেখানে আমাদের ১০ বেড হাসপাতাল আছে, ইউনিয়ন হেলথ সেন্টার আছে, এছাড়াও ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আছে যারা এই স্বাস্থ্য সেবাটা দিয়ে থাকে। 

আমরা এ ক্ষেত্রে একটি বিষয়ে বেশি জোর দিচ্ছি, তাহলো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাইমারি স্বাস্থ্যসেবায় যা যা দেয়া দরকার তামরা নির্ধারণ করে দেব। 

আমরা এখন স্কুল হেলথের ওপর জোর দিচ্ছি, যাতে করে ছেলে মেয়েরা স্বাস্থ্যসেবা সম্বন্ধে জানে, তাদের খাদ্যাভ্যাস সম্বন্ধে জানে, মাদক থেকে তারা যেন দূরে থাকে, এসব বিষয়ে তাদেরকে ধারণা দেয়া হবে। 

অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে যেগুলো অবৈধ, নিবন্ধিত নয়। তাদের কাছে আমরা কঠোর অবস্থান নিয়েছি। ইতোমধ্যে অসংখ্য ডায়াগনস্টিক ক্লিনিক বন্ধ করে দিয়েছি। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft