কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইফতেখার রাফসান, যিনি রাফসান দ্য ছোটভাই নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি সালমানের দীর্ঘদিনের পথচলার কথা তুলে ধরে এই কঠিন সময়ে তার পাশে থাকার বার্তা দিয়েছেন।
গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার ভিডিও প্রকাশ করেন সালমান। ভিডিওতে স্টুডিওর বিভিন্ন স্থানে ভাঙচুরের চিহ্ন দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বেশ কিছু আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কয়েকজন কর্মীকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
ঘটনার পর সালমানের প্রতি সমর্থন জানিয়ে রাফসান তার সঙ্গে নিজের দীর্ঘদিনের পরিচয়ের কথাও বলেন। সালমানের ক্যারিয়ারের শুরুর সময় থেকেই তাকে অনুসরণ করেছেন জানিয়ে রাফসান বলেন, পরে ব্যক্তিগতভাবেও তাকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সালমান শান্ত স্বভাবের একজন মানুষ এবং নিজের পরিশ্রমে অনেক দূর এগিয়েছেন।
স্টুডিওটি গড়ে তুলতে সালমানের শ্রম, সময় ও ভালোবাসার কথা উল্লেখ করে রাফসান ভাঙচুরের ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে সালমানকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ঘটনা তার পথচলা থামিয়ে দিতে পারবে না।
এদিকে সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কয়েকজন তারকা ও কনটেন্ট নির্মাতা প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা ঘটনার নিন্দা জানিয়ে সালমানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
জ/রা