সময় বদলায়, বদলে যায় সম্পর্কের সমীকরণও। কেউ পেছনে ফেলে আসা গল্প ভুলে নতুন জীবনে এগিয়ে যান। তবে কখনো একটি ছবি, একটি দৃষ্টি কিংবা একটি আলিঙ্গন ফিরিয়ে আনতে পারে পুরনো অনুভূতির রেশ। দেব ও শুভশ্রীর সাম্প্রতিক কিছু ছবি যেন তেমনই এক পুরনো গল্পের কথা মনে করিয়ে দিচ্ছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে ধারণ করা গানটিতে দেব-শুভশ্রীর উপস্থিতি দর্শকদের ফিরিয়ে নিয়েছে তাদের পুরনো জুটির দিনগুলোতে। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।
এর মধ্যেই অফস্ক্রিনে একাধিক বোল্ড ও রোমান্টিক ছবি প্রকাশ করে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন দেব ও শুভশ্রী। কোনো ছবিতে একে অপরকে আগলে রাখতে দেখা গেছে তাদের, আবার কোনো ফ্রেমে চোখে চোখ রেখে ধরা দিয়েছেন। কোথাও ফুটে উঠেছে নির্ভরতা ও মমতার আবেশ।
ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ তার এই ক্যাপশন প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সিনেমার চরিত্র, পুরনো স্মৃতি ও বর্তমানের ফ্রেম—সব মিলিয়ে শুভশ্রীর এই বার্তা যেন তাদের একসময়ের সম্পর্কের গল্পও নতুন করে সামনে এনেছে।
শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, শুভশ্রীর কোলের কাছে বসে আছেন দেব। পেছন থেকে দেবের কাঁধ ও বুক জড়িয়ে ধরে রেখেছেন শুভশ্রী। দেবের পরনে সাদা স্লিভলেস গেঞ্জি, আর শুভশ্রীকে দেখা গেছে চকোলেট রঙের বডিফিট পোশাকে। শুভশ্রীর দূরে তাকিয়ে থাকা চোখ এবং দেবের গম্ভীর অভিব্যক্তি ছবিটিতে তৈরি করেছে এক ধরনের নীরব নাটকীয়তা। একই আবহ ধরা পড়েছে আরেকটি ছবিতেও।
অন্য একটি ফ্রেমে দেবের বুকে মাথা রেখে শুয়ে আছেন শুভশ্রী। চোখ বন্ধ করে থাকা অভিনেত্রীর মুখে ফুটে উঠেছে পরম নির্ভরতার ছাপ। দেবের হাতও আলতোভাবে ছুঁয়ে আছে শুভশ্রীর মুখ। পুরো মুহূর্তজুড়ে যেন মিশে আছে মমতা, ভালোবাসা ও রোমান্টিক আবেশ।
একসময় শুধু পর্দার জুটি ছিলেন না দেব ও শুভশ্রী; তাদের বাস্তব জীবনের সম্পর্কও ছিল টলিউডের অন্যতম আলোচিত বিষয়। পরবর্তী সময়ে সেই সম্পর্কের ইতি ঘটে এবং ব্যক্তিগত জীবনে দুজনেই বেছে নেন আলাদা পথ। সময়ের সঙ্গে নিজেদের জীবন ও ক্যারিয়ারে এগিয়ে গেছেন তারা। তবে নতুন সিনেমার এই রোমান্টিক ফ্রেমগুলো পুরনো সেই জুটির স্মৃতি আবারও উসকে দিয়েছে।
জ/শা