বলিউডে নাম লেখাচ্ছেন সালমানের বডিগার্ড শেরার ছেলে

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-13T10:04:49+06:00
2026-09-13T10:04:49+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
বলিউডে নাম লেখাচ্ছেন সালমানের বডিগার্ড শেরার ছেলে
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪ এএম 
সংগৃহীত ছবি
বলিউড সুপারস্টার সালমান খানের দীর্ঘদিনের বিশ্বস্ত দেহরক্ষী গুরমিত সিং জোলি ওরফে শেরার ছেলে আবির সিং এবার হিন্দি সিনেমায় পা রাখতে যাচ্ছেন। ‘টারজান’ শিরোনামের একটি নতুন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে। ছবিটিতে আবিরের সঙ্গে অভিনেতা সুরজ পাঞ্চোলিকেও দেখা যাবে বলে জানা গেছে। তবে সিনেমাটি সালমান খান নিজে প্রযোজনা করছেন, নাকি অন্য কোনো ব্যানারের অধীনে নির্মিত হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আবিরের বলিউডে অভিষেকের খবর অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালেও খবর ছড়িয়েছিল, সালমান খানের উদ্যোগেই শেরার ছেলেকে রুপালি পর্দায় আনা হচ্ছে। সে সময় জানা গিয়েছিল, প্রয়াত পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিককে আবিরের প্রথম সিনেমা পরিচালনার জন্য অনুরোধ করেছিলেন সালমান। ২০২৩ সালের জানুয়ারিতে ছবিটির শুটিং শুরুর কথা থাকলেও পরে প্রকল্পটি নিয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি। একই বছরের মার্চে সতীশ কৌশিকের আকস্মিক মৃত্যুতে সেই উদ্যোগও থমকে যায়। দীর্ঘ বিরতির পর আবারও আবিরের অভিনয়ে আসার খবর ঘিরে বলিউডে আলোচনা শুরু হয়েছে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘টারজান’ নামের একটি প্রজেক্টের মাধ্যমে আবির সিংকে বড় পর্দায় আনার প্রস্তুতি চলছে। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন সুরজ পাঞ্চোলি।

এখানে একটি কাকতালীয় বিষয়ও রয়েছে। ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সুরজ পাঞ্চোলির। ছবিটির প্রযোজক ছিলেন সালমান খান। রোমান্টিক-অ্যাকশন ঘরানার ওই সিনেমায় সুরজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে অভিষেক করেছিলেন সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। বক্স অফিসে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পেলেও সুরজ ও আথিয়া দুজনই নিজেদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন।

বলিউডে নতুন মুখকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে সালমান খানের ভূমিকা দীর্ঘদিন ধরেই আলোচিত। ক্যারিয়ারে তিনি একাধিক নবাগতকে বড় পর্দায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছেন। ‘বীর’ সিনেমার মাধ্যমে জেরিন খান এবং সুপারহিট ‘দাবাং’-এর মাধ্যমে সোনাক্ষী সিনহাকে বলিউডে পরিচয় করিয়ে দেন তিনি। পরে ‘জয় হো’ ছবির মাধ্যমে ডেইজি শাহ এবং ‘দাবাং ৩’-এর মাধ্যমে সাঈ মাঞ্জরেকর বলিউডে অভিষেক করেন। এছাড়া ‘লাভযাত্রী’ সিনেমায় নিজের ভগ্নিপতি আয়ুশ শর্মা ও ওয়ারিনা হুসেনকেও দর্শকদের সামনে নিয়ে আসেন সালমান। তবে শেরার ছেলে আবিরের ‘টারজান’ সিনেমায় সালমান খানের সরাসরি প্রযোজনা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে সালমান খান নিজেও বর্তমানে একাধিক বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। তার হাতে রয়েছে ‘মাতৃভূমি’ ও ‘এসভিসি৬৩’ নামের দুটি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র। অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ চলতি বছরের এপ্রিলে মুক্তির কথা থাকলেও পরে এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

অন্যদিকে ভামসি পাইডিপল্লি পরিচালিত ‘এসভিসি৬৩’ সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করছেন নয়নতারা। ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ বর্তমানে চলছে। আগামী বছরের ঈদে সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। সূত্র: মিড-ডে

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com