নতুন করে চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ডান ঊরুর চোটের কারণে চার থেকে আট সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।
সান্তোস জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় নেইমারের ডান ঊরুর রেক্টাস ফেমোরিস পেশিতে ‘টাইপ ২বি’ চোট শনাক্ত হয়েছে। চিকিৎসকদের ধারণা, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর সর্বোচ্চ আট সপ্তাহ সময় লাগতে পারে।
গত বুধবার কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পান নেইমার। ম্যাচটি ১–১ গোলে ড্র হয়। প্রথমার্ধেই ডান ঊরুতে ব্যথা অনুভব করেন এই ফরোয়ার্ড। বিরতির পর আর মাঠে ফেরেননি তিনি।
চোটে পড়ার পরদিন সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোর মাঠের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের সমালোচনা করে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন তিনি।
নেইমার লেখেন, ‘ভিলা বেলমিরোর মাঠের দায়িত্বে থাকা ব্যক্তিকে অভিনন্দন জানাতে চাই। গতকাল ভিলার ইতিহাসের সবচেয়ে বাজে মাঠ ছিল এটি। ম্যাচের এক দিন আগে মাটি আলগা করার কাজ করায় পুরো মাঠে গর্ত হয়ে ছিল। অবিশ্বাস্য! প্রতিপক্ষের পাশাপাশি আমাদের মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে।’
মাঠের অসমান অবস্থানের কারণে খেলোয়াড়দের দৌড়ানোর সময় গতি বাড়ানো ও থামাতে স্বাভাবিকের তুলনায় বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে বলেও মন্তব্য করেন নেইমার। তাঁর মতে, এর কারণেই প্রথমার্ধে তিনজন খেলোয়াড়ের চোট পাওয়ার ঘটনাকে কেবল কাকতালীয় বলা যায় না।
নেইমারের এই মন্তব্যে কিছুটা বিদ্রূপের সুরও ছিল। কারণ, কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ কৃত্রিম টার্ফে অনুষ্ঠিত হওয়ায় সেই ম্যাচে খেলেননি তিনি। এরপর সান্তোসের ভিলা বেলমিরোতে ফিরতি লেগে মাঠে নেমেই চোটে পড়লেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সান্তোসের মেডিকেল পরীক্ষার ফল অনুযায়ী, নেইমারের চোট সেরে উঠতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। তবে তাঁর পুনর্বাসন প্রক্রিয়ায় সর্বোচ্চ আট সপ্তাহ সময় লাগবে বলেই চিকিৎসকদের ধারণা।
জ/উ