কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নেই তরুণদের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:২৫ এএম

তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল এবং আধুনিক বিশ্বের উপযোগী হিসেবে গড়ে তুলতে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, শুধু সনাতন বা মুখস্থ বিদ্যার মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়; চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী দক্ষতা অর্জন অপরিহার্য।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকা (ডিজেএডি) আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর জেলা থেকে ঢাকায় উচ্চশিক্ষার জন্য আসা এবং সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের কর্মজীবনে সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি ও *দ্য ডেইলি অবজারভার*-এর সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান।

আরও পড়ুন : শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শিক্ষার্থীদের সময়ানুবর্তী হওয়ার পাশাপাশি সৃজনশীল কাজে মেধার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের শিক্ষা ও দক্ষতা—উভয়ই অর্জন করতে হবে। এ লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা বা শিক্ষা থেকে বঞ্চিত না হয়—বর্তমান সরকার সেই নীতিতে বিশ্বাস করে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও দিনাজপুর জেলা সমিতি, ঢাকার সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক, তুলা উন্নয়ন বোর্ডের পরিচালক, নিউরোসায়েন্স হাসপাতালের সার্জন, বিভিন্ন উদ্যোক্তা ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : মিরপুরে দেয়াল ধস: আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মফস্বল থেকে ঢাকায় পড়তে আসা শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে এ ধরনের মেন্টরশিপ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিবেশ ও কৃষি উন্নয়নে সরকারের খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে জানান, দিনাজপুর অঞ্চলে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম শিক্ষার্থীদের চাকরিপ্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, নতুন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, দিনাজপুর সাংবাদিক সমিতি জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে সহযোগিতা অব্যাহত রাখবে। সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, করপোরেট ব্যক্তিত্ব এবং বিসিএস ক্যাডার কর্মকর্তারা প্রযুক্তি ও ভাষা দক্ষতা, বিসিএস প্রস্তুতি এবং স্টার্টআপ খাত নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষে দিনাজপুর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং তরুণদের উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী এবং সমিতির সদস্য সাংবাদিকরা অংশ নেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft