একরামুল হত্যা: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:১৬ এএম

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের জানানো তথ্য অনুযায়ী, বরিশাল অফিসার্স মেস থেকে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নিয়ে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি সেনা কাস্টডিতে রয়েছেন এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, তিনি বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকায় আনার পর তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

আরও পড়ুন : সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

২০১৮ সালে টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায় তৎকালীন র‌্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকা মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হচ্ছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একরামুল হক হত্যা মামলায় অভিযোগ দাখিল করা হয়। এতে মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আরও পড়ুন : শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সূত্রগুলোর দাবি, ওই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী নির্ধারিত তারিখে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

তদন্ত-সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে, একরামুল হককে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে মিফতাহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বাহিনীর কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব বাংলাদেশি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তাদের তালিকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft